পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু
প্রকাশিত : ২২:০৭, ২ মে ২০২৬ | আপডেট: ২২:১৬, ২ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাকা ধান পানির নিচে ডুবে যেতে দেখে জমির আইলে লুটিয়ে পড়েন আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষক। অচেতন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের রামপুর গ্রামের হরমুজ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় লোকজন জানান, কৃষক আহাদ এবার বোরো মৌসুমে ধারদেনা করে ছয় বিঘা ধান রোপণ করেছিলেন। পাকার সময়ে হঠাৎ ভারী বৃষ্টি ও উজানের ঢলে সব ধান পানিতে তলিয়ে যায়। সকালে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গিয়ে পাকা ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে লোকজন তাকে অচেতন অবস্থায় বাড়িতে আনার সময় তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য আহামেদ আলী বলেন, চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখে মানুষটা সহ্য করতে পারেনি।
নিহত কৃষকের ভাতিজা মোহাম্মদ ফারুক আহমেদ জানান, শনিবার দুপুরে আহাদ মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ জানান, একজন কৃষকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আমাদের এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিহতের বাড়িতে পাঠানো হয়েছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, একজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। কৃষি কর্মকর্তাকে সরেজমিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রকৃত কৃষকদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা চলছে।
এএইচ
আরও পড়ুন










