ঢাকা, শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ১৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এই ঘটনা ঘটে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা এলাকায় হলেও তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে লুৎফুজ্জামান আলিফ উতরাইল বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়। দুর্গাপুর থানার ওসি জানান, ওই সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করে আসছিলেন। এর আগে গত ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেছিল। সে সময় তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়েছিল।

হত্যাকাণ্ডের খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে ইতিমধ্যেই পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি