ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬

সত্যজিৎ রায়কে ঘিরে জাবিতে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২২, ৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

বিশ্ববরণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়-এর জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে।

‘ইতিহাস ও ঐতিহ্য পরিষদ’-এর আয়োজনে এই উৎসবে তাঁর জীবন ও কর্মের নান্দনিকতা নিয়ে আলোচনা করেন দেশবরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

বাঙালির চলচ্চিত্র চেতনার অন্যতম পথপ্রদর্শক সত্যজিৎ রায়ের সৃষ্টিশীল জীবন ও শিল্পভাবনাকে উদযাপন করতে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে ৩ ও ৪ মে এই উৎসবের আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করে ঢাকায় ভারতীয় হাই কমিশন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৪ মে) সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার শ্রী পার্থ সারথি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র কেবল বিনোদন নয়, বরং তা বাঙালির সমাজ ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। তাঁর কাজ আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ।

অনুষ্ঠানে তাঁর নির্মাণশৈলীর বৈচিত্র্য ও কারিগরি দক্ষতা নিয়ে আলোচনা করেন প্রখ্যাত নির্মাতা ও নাট্য ব্যক্তিত্ব তৌকীর আহমেদ। তিনি বলেন, সত্যজিৎ রায়ের পরিমিতিবোধ ও বিশ্বজনীন ভাষা আজও বিশ্ব চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ পাঠ্য।

এছাড়া আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামরুল আহসান এবং বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।

চলচ্চিত্র প্রদর্শনী ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হওয়া এই আয়োজন সম্পর্কে আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মের নির্মাতাদের বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ এবং সুস্থ সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত করবে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি