ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬

শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে জাবিতে বাস ট্র্যাকিং অ্যাপ চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন রাস্তায় এই অ্যাপভিত্তিক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতারা জানান, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। রাজধানী ঢাকার বঙ্গবাজার থেকে ক্যাম্পাসগামী সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ৮টার বাসে প্রাথমিকভাবে এই সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বাসে এই ট্র্যাকিং সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।

​নতুন চালু হওয়া এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মোবাইল ফোন ব্যবহার করেই তাৎক্ষণিকভাবে বাসের লাইভ অবস্থান বা গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। এর ফলে নির্দিষ্ট স্টপেজে বাস পৌঁছানোর আনুমানিক সময় সহজেই জানা যাবে। শুধু তাই নয়, যানজট বা অন্য কোনো কারণে বাস আসতে দেরি হলে অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে তা আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “দীর্ঘদিন ধরে বাস কখন কোথায় অবস্থান করছে- এই মৌলিক তথ্যের অভাবে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এই অ্যাপের ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং যাতায়াত হবে স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ।”

এসময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উদ্যোগটির প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে শিক্ষার্থীদের স্বার্থে জাবি ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।”

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি