ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬

চবিতে জায়গা দখল করে দোকান স্থাপন, নিউজ প্রকাশে সাংবাদিকের নামে জিডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৫, ৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ ফরহাদ হোসেন হলের জায়গা দখল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই দোকান স্থাপনের ঘটনার নিউজ করায় সাংবাদিকের নামে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে হাটহাজারী থানায় জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেন এসআই নূর মোহাম্মদ। 

তিনি জানান, চবি শিক্ষার্থী শামীম ভূইয়ার নামে একটি জিডি করা হয়েছে। মানহানির অভিযোগ তুলে কতিপয় ব্যক্তি হাটহাজারী থানায় এই জিডি করেছেন। সেখানে সাক্ষী হিসেবে আছেন শিশির মাহমুদ (ছাত্রদল নেতা) নামের একজন। 

শামীম ভূইয়া একুশে টেলিভিশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা। অন্যদিকে জিডির সাক্ষী হওয়া শিশির মাহমুদ শাখা ছাত্রদলের নেতা। এই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শহিদ ফরহাদ হোসেন হলের জায়গা দখল করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই দোকান স্থাপনের অভিযোগে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া জিডির বাদী মাহমুদ হাসান বিপ্লব ছাত্রদলের কর্মী ১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী

এ বিষয়ে ভুক্তভোগী ওই সংবাদদাতা শামীম ভূইয়া বলেন, একজন লোক অবৈধভাবে হলের সামনে দোকান স্থাপন করার ঘটনাটি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করার পর আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার এবং স্টেট শাখার প্রশাসকের সাথে কথা বলে জানতে পারি দোকানটি অবৈধভাবে স্থাপন করা হয়েছে।

আমি সেটার সংবাদ প্রকাশ করার পর রাতেই ছাত্রদলের সিনিয়র নেতারা দোকানটি উচ্ছেদ করে নেন। কিন্তু এরপর থানা থেকে এসআই কল দিয়ে আমাকে জিডির বিষয়টি জানান। পেশাগত সাংবাদিকের সাথে এরকম আচরণ করার নিন্দা জানাই আমি।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি