ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬

নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশিত : ১২:২১, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৪, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তারা জাতীয় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।

নির্বাচিত শিক্ষার্থীরা হলেন- সংগীত বিভাগের সাফফাত ইসলাম শিহাব, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ইসরাত জাহান রিংকি ও নাজমুস সায়দাত সিফাত এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের রনি মিয়া। 

তাদের মধ্যে নজরুল সংগীতে সাফফাত ইসলাম শিহাব, একক অভিনয়ে ইসরাত জাহান রিংকি, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় নাজমুস সায়দাত সিফাত এবং একক নৃত্যে রনি মিয়া নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সন্ধ্যামালতী মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে নিজের অনুভূতি ও প্রত্যাশা জানিয়ে নাজমুস সায়দাত সিফাত বলেন, ‘নজরুলের প্রতি ভালোলাগা কাজ করত অনেক আগে থেকেই। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দীর্ঘদিনের সেই চর্চা ও ভালোবাসা আরও বেড়েছে। তারই ধারাবাহিকতায় আবৃত্তি ও কণ্ঠচর্চার প্রতি দীর্ঘদিনের আগ্রহ, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ মিলিয়ে এই অর্জন আমার কাছে অনেক বড় একটি প্রাপ্তি। সেই জায়গা থেকেই জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। 

তিনি আরও বলেন, ‘দুটি ইভেন্টেই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে। নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করার প্রত্যাশা রাখছি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘নজরুলকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যায় না। নজরুলের মতো সংগ্রামী হতে পারলে আমরাও প্রতিষ্ঠিত হতে পারব। নজরুল শৈশবে ও পরিণত বয়সে এ দেশে এসেছেন। যতবারই এসেছেন, ততবারই মানুষকে প্রেরণা দিয়েছেন এবং ভবিষ্যতের পথ দেখিয়েছেন। স্বল্প সময়ের স্বাধীন জীবনে নজরুল আমাদের অনেক কিছু দিয়ে গেছেন। ১৯৪২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি সুস্থ থাকলে বাংলাদেশের সাহিত্য ও সামগ্রিক অবস্থান আরও উচ্চতায় পৌঁছাত। আমার প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নজরুলকে ভালোভাবে জানবে এবং তার আদর্শ ধারণ করবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি