ঢাকা, সোমবার   ১৬ নভেম্বর ২০২৬

কুয়েটে সাংবাদিককে কক্ষে ঢুকে মারধর, অভিযোগ ছাত্রদলপন্থীদের বিরুদ্ধে

কুয়েট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৫, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:২৬, ১৬ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের কক্ষে ঢুকে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলপন্থী কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

গতকাল রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। হামলায় ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল ইসলামের বাম চোখে গুরুতর আঘাত লাগে।

নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী। পাশাপাশি তিনি একুশে টেলিভিশনের কুয়েট ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভাগের এক বন্ধুর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ১৫-২০ জনের একটি দল নাজমুলকে মারধরের উদ্দেশ্যে তাঁর কক্ষে জড়ো হয়। এ সময় নিজেদের ছাত্রদল কর্মী পরিচয় দেওয়া ইফাজসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে নাজমুল কক্ষের দরজা বন্ধ করে দিলে তাঁরা দরজা ভাঙার চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে তাঁরা সেখান থেকে চলে যান।

কিছুক্ষণ পর তাঁরা আবার ফিরে আসেন। এ সময় নাজমুলের আরেক রুমমেট মাহিন মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে এর মধ্যেই কয়েকজন কক্ষে প্রবেশ করে নাজমুলের ওপর হামলা চালান। এতে তাঁর বাম চোখে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে তিনি আহত হয়ে মেঝেতে পড়ে গেলে হামলাকারীরা তাঁকে কক্ষে রেখেই চলে যান। পরে হলের অন্য শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।

নাজমুল ইসলাম বলেন, বিকেলে ল্যাবে কাজ করার সময় আসিফ তন্ময়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মিটে গেলেও আসিফ তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। ল্যাব থেকে কক্ষে ফেরার পর তিনি দলবল নিয়ে এসে হামলা করেন।

নাজমুলের অভিযোগ, ঘটনাস্থলে অনেকে উপস্থিত থাকলেও তাঁকে সরাসরি মারধর করেন আসিফ তন্ময় ও তৌফিক ইসলাম। তিনি জানান, হামলার পর চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসক তাঁকে জানিয়েছেন, চোখের সাদা অংশে রক্ত জমাট বেঁধেছে। এটি আরও বাড়তে পারে। পাশাপাশি চোখের ফোলা ভাবও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ আঘাতের কারণে দীর্ঘমেয়াদি জটিলতা দেখা দিতে পারে বলেও চিকিৎসক তাঁকে জানিয়েছেন।

বর্তমানে তাঁর বাম চোখে প্রচণ্ড ব্যথা ও ফোলা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল তাঁকে খুলনা শহরে নেওয়া হয়। শারীরিক অবস্থার কারণে তিনি বিস্তারিত কথা বলতে পারেননি।

ঘটনার পর আহত নাজমুলকে দেখতে যান লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ কার্যালয়ের উপপরিচালক রাজন কুমার রাহা এবং লালন শাহ হলের সহকারী প্রভোস্ট আল মুত্তাকি বিল্লাহ।

রাজন কুমার রাহা বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নাজমুলকে দেখতে যান। তাঁর চোখে বেশ খানিকটা কেটে গেছে। আপাতত তাঁর সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনায় পাঠানো হয়েছে।

প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজন কুমার রাহা বলেন, বিষয়টি ইতিমধ্যে ছাত্রকল্যাণ দপ্তরকে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি