ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬

কোটা সংস্কার আন্দোনকারীদের উপর পুলিশের টিয়ারশেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সুবিধা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ।

বুধবার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বাংলাদেশ একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিকে যাচ্ছিল। মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট চত্বরে গেলে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এসময় সেখানেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এখান থেকে আটক করা হয় ৬ জন শিক্ষার্থীকে।

 মিছিলে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবিতে তারা পূর্ব ঘোষণা অনুসারে শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে যাচ্ছিলেন।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার ফেস্টুনে ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নেই’, ‘ইহা কোটা নয়, বৈষম্য’, ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘১০% এর বেশি কোটা নয়’, ‘স্বাধীনতার মূলমন্ত্র কোটা প্রথার সংস্কার কর’ইত্যাদি বিভিন্ন লেখা প্রদর্শন করেন। অনেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নিয়ে আসেন। বঙ্গবন্ধুর ছবি সম্বলিত গেঞ্জি পরে কোটা সংস্কারের দাবি করেন তারা।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসা; কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য থাকা পদসমূহে মেধায় নিয়োগ দেয়া; কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়; সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা। এদিকে একই দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি