ঢাকা, রবিবার   ২৫ অক্টোবর ২০২৬

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে সুখবর, এগোচ্ছে চিত্রনাট্যের কাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২০, ২৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের দীর্ঘ অপেক্ষার মধ্যে নতুন খবর দিয়েছেন অভিনেতা আমির খান। সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন পরিচালক রাজকুমার হিরানি। 

সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণের কথা রয়েছে। তবে সিনেমাটির শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এসজিআইএফএফ) অংশ নেন আমির খান। ২২ অক্টোবর অনুষ্ঠিত উৎসবের এক বিশেষ আলোচনায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময় উঠে আসে ‘থ্রি ইডিয়টস ২’-এর প্রসঙ্গ। 

সেখানে অভিনেতা জানান, পরিচালক রাজকুমার হিরানি বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। মুম্বাইয়ে ফেরার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শোনার আশা করছেন তিনি।

তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না আমির। তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রকল্পটির কাজ এগিয়ে চললেও চিত্রনাট্য চূড়ান্ত হওয়া এবং পরবর্তী নির্মাণ পরিকল্পনা নিয়ে আরও অপেক্ষা করতে হবে। ফলে বহুল প্রতীক্ষিত সিনেমাটির শুটিং কবে শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে আমির খানের পাশাপাশি অভিনয় করেন আর মাধবন, শারমান যোশি, কারিনা কাপুর খান, বোমান ইরানি ও ওমি বৈদ্য। 

প্রকৌশল বিভাগের তিন শিক্ষার্থীর বন্ধুত্ব, পড়াশোনার চাপ, পারিবারিক প্রত্যাশা এবং জীবনের লক্ষ্য নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একই সঙ্গে প্রচলিত শিক্ষাব্যবস্থা ও মুখস্থনির্ভর শিক্ষার সমালোচনার মাধ্যমে দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয় ছবিটি।

সিনেমাটির জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল হাস্যরসের সঙ্গে বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা। বন্ধুত্ব, নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়া এবং সাফল্যের প্রচলিত সংজ্ঞা নিয়ে ছবিটির বক্তব্য দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। সে কারণেই বহু বছর পরও এর দ্বিতীয় কিস্তি নিয়ে আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে।

এর আগে রাজকুমার হিরানি জানিয়েছিলেন, সম্ভাব্য সিক্যুয়েলের গল্পে মূল চরিত্রগুলোকে বহু বছর পরের জীবনে দেখা যেতে পারে। অর্থাৎ, গল্পটি শুধু কলেজ জীবনের ঘটনাগুলোতে সীমাবদ্ধ না থেকে চরিত্রগুলোর পরবর্তী জীবন, সম্পর্ক ও নতুন সংকটকে কেন্দ্র করে এগোতে পারে। তবে চূড়ান্ত চিত্রনাট্য প্রকাশ না হওয়া পর্যন্ত গল্পের বিস্তারিত রূপ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে আমিরের সাম্প্রতিক বক্তব্যে সিনেমাটির কাজের অগ্রগতি সম্পর্কে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে আগের অভিনয়শিল্পীদের সবাই সিক্যুয়েলে থাকবেন কি না, শুটিং কবে শুরু হবে কিংবা সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এসব বিষয়ে আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। আপাতত ভক্তদের অপেক্ষা চিত্রনাট্যের চূড়ান্ত রূপ এবং নির্মাণের পরবর্তী ঘোষণার জন্য।

ঐ.মিষ্টি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি