হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫১
প্রকাশিত : ১৮:২৪, ১৫ মে ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (১৪ মে সকাল ৮টা থেকে ১৫ মে সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩০৩ জন শিশু। এ নিয়ে গত দুই মাসে দেশে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ১১১ জন। সব মিলিয়ে এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন। এই সময়ের মধ্যে মোট ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।
মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৮ জন শিশু মারা গেছে সন্দেহজনক হামে এবং ৪ জন শিশু মারা গেছে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে ৩৭৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত দুই মাসে প্রাণঘাতী এই রোগে দেশে মোট ৪৫১ জন শিশুর মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হামের এই সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং শিশুদের সঠিক পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এমআর//










