ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

টাওয়ার হ্যামলেটসে মেয়র পদে বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ৫ মে ২০২৬ | আপডেট: ২০:৪৬, ৫ মে ২০২৬

Ekushey Television Ltd.

লন্ডনের ব্যস্ত নগরীতে আর একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। ‘টাওয়ার হেমলেটস নির্বাচন’ নামে পরিচিত এই নির্বাচনে মেয়র পদে পৃথক দল থেকে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী।

স্থানীয় সূত্র জানায়, আগামী ৭ মে স্থানীয় সময় সকাল থেকে রাত ৮টা পর্যন্ত লন্ডনের ছয়টি অথরিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে এসপায়ার পার্টি থেকে লুৎফর রহমান, লেবার পার্টি থেকে সিরাজুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে আব্দুল হান্নান এবং টাওয়ার হেমলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে ব্যারিস্টার জমির আলী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া কাউন্সিলর পদে লেবার পার্টি ও এসপায়ার পার্টি থেকে ৪৫ জন করে এবং টাওয়ার হেমলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের কাছে টানতে জোর প্রচারণা চালাচ্ছেন। অনেকে ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করছেন। তবে স্থানীয় ভোটারদের একটি অংশের মতে, প্রতিশ্রুতির চেয়ে কাজের প্রতি গুরুত্ব বেশি। তারা প্রার্থীর সততা, দক্ষতা ও কাজের প্রতি দায়বদ্ধতাকেই প্রাধান্য দিচ্ছেন।

চার বছর পর পর অনুষ্ঠিত এই নির্বাচনটি স্থানীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলা ভাষাভাষী কমিউনিটির জন্য এর গুরুত্ব আরও বেশি। বৈশ্বিক প্রেক্ষাপটে ভিসা জটিলতা, নাগরিকত্ব সংকট, আন্তঃদেশীয় ব্যবসা ও যোগাযোগ সহজতর করা—এসব বিষয় এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে।

বিশ্লেষকরা মনে করছেন, যে প্রার্থী এসব বিষয়ে কার্যকর অবস্থান তুলে ধরতে পারবেন, তিনি বাংলা ভাষাভাষী ভোটারদের সমর্থন পেতে পারেন। একইসঙ্গে সিলেটি বংশোদ্ভূত প্রার্থীদের ক্ষেত্রেও আঞ্চলিকতার প্রভাব ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টাওয়ার হেমলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির মেয়র প্রার্থী ব্যারিস্টার জমির আলী বলেন, “ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণে আমরা আমাদের ভূমিকা রাখতে চাই। সে জন্য রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকা প্রয়োজন।”

একই দলের কাউন্সিলর প্রার্থী হিরা দেলোয়ার বলেন, “এখানে সব সম্প্রদায়ের ভোট প্রয়োজন। শুধু বাংলাদেশি ভোটে জয়লাভ সম্ভব নয়। বাংলাদেশের মতো এখানে ভোটে অর্থের প্রভাব নেই—এটাই বড় পার্থক্য।”

নির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি