ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬

রিয়াদে আবারও বিকট বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ১১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে আবারও এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে এই তীব্র বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

তবে এটি নতুন কোনো মিসাইল হামলা নাকি হামলা প্রতিহত করতে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। এই ঘটনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি জোটের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার জের ধরেই এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রিয়াদের বিস্ফোরণের মাত্র এক ঘণ্টা আগেই হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সানা বিমানবন্দরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় শক্তিশালী বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার রিয়াদ বিমানবন্দরে হওয়া ভয়াবহ হামলার মোক্ষম জবাব দিতেই সৌদির এই পাল্টা অভিযান বলে মনে করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে ৮ জনই বিদেশি নাগরিক। এই হামলায় নিহতদের মধ্যে ২ জন বাংলাদেশি, ৫ জন সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক আছেন।

শনিবারের ওই ভয়াবহ হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম ও বিমান ওঠানামা স্থগিত করে দেয় সৌদি কর্তৃপক্ষ। 

বিমানবন্দর বন্ধ থাকায় বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট ইতিমধ্যে বাতিল করা হয়েছে। প্রায় দুই মাস ধরে চলা এই সংঘাত চরম রূপ নেওয়ায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি