ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬

২১০০ সালের মধ্যে মানবজাতি ধ্বংসের আশঙ্কা: দ্য ল্যানসেটের প্রতিবেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ১১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

পারমাণবিক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ভুল ব্যবহারের কারণে আগামী ২১০০ সালের মধ্যেই পৃথিবী থেকে মানবজাতি চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে। 

আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক খ্যাতনামা সাময়িকী দ্য ল্যানসেট-এর একটি নতুন গবেষণায় এমন ভয়াবহ বিপদের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় গবেষকরা আগামী ৭৫ বছরের মধ্যে মানুষের বেঁচে থাকার পথে ১৭টি বড় ধরনের বৈশ্বিক হুমকি চিহ্নিত করেছেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রাণঘাতী জৈব অস্ত্র তৈরি কিংবা কোনো পারমাণবিক যুদ্ধ শুরু হলে বায়ুমণ্ডলে এত বিশাল পরিমাণ ধোঁয়া ও ছাই জমা হবে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না। এর ফলে বিশ্বজুড়ে এক অভূতপূর্ব ও দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষ দেখা দেবে, যা মানুষকে সম্পূর্ণ বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে। 

পারমাণবিক যুদ্ধ আর এআই-এর অপব্যবহার ছাড়াও মানবসভ্যতার জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তীব্র বায়ুদূষণ, শিশুদের অপুষ্টি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ওষুধে জীবাণু না মরা এবং উন্নত দেশগুলো কর্তৃক দরিদ্র দেশগুলোকে সাহায্য কমানোর বৈরী সিদ্ধান্ত।

তবে এই চরম সংকটের মধ্যেও বিজ্ঞানীরা আশার আলো দেখিয়েছেন। তারা স্পষ্ট জানিয়েছেন যে এখনই যদি বিশ্বনেতারা সঠিক ও দূরদর্শী সিদ্ধান্ত নেন এবং পরিবেশ রক্ষা ও বৈশ্বিক স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেন, তবে এই নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচার পথ এখনও খোলা আছে। বার্লিনে আয়োজিত এক বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এই ভয়ংকর তথ্যগুলো তুলে ধরে গবেষকরা বিশ্বনেতাদের অবিলম্বে কার্যকর ও সমন্বিত ব্যবস্থা নেওয়ার জোরালো তাগিদ দিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি