ঢাকা, শনিবার   ১৭ অক্টোবর ২০২৬

কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৩২, ১৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে দিল্লি পুলিশ আটক করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

এর আগে কনট প্লেস এলাকায় যেকোনো ধরনের বিক্ষোভ বা মিছিল আয়োজনে অভিজিৎ দীপকে-কে নিষেধ করেছিল দিল্লি পুলিশ। শুক্রবার তাকে দেওয়া এক নোটিশে পুলিশ জানায়, কনট প্লেস কোনো অনুমোদিত বিক্ষোভের স্থান নয়। সেখানে বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এই নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

দিল্লি পুলিশের দাবি, এই কর্মসূচির কারণে রাজীব চক মেট্রো স্টেশনের কাছে তীব্র যানজট বা পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারত, যেখান দিয়ে দৈনিক প্রায় দুই লাখ যাত্রী যাতায়াত করেন। এ ধরনের বেআইনি সমাবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সাধারণ নাগরিকদের অধিকার ক্ষুণ্ন করে বলে নোটিশে উল্লেখ করা হয়।

দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে ১৬ অক্টোবর বিকেল ৫টায় আন্দোলনকারীদের কনট প্লেসে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন দীপকে। সিজেপির পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, অভিজিৎ দীপকে পুলিশের এই নোটিশকে 'তামাশা' বলে অভিহিত করেছেন।

তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, তারা কোনো লাউডস্পিকার ব্যবহার করছেন না বা সহিংসতা ছড়াচ্ছেন না, কেবল জাতীয় পতাকা ওড়াতে চাচ্ছেন। একই সাথে তাকে জনগণকে প্ররোচিত করার যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তার প্রমাণ হিসেবে একটি ভিডিও দেখানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি