ঢাকা, বুধবার   ২১ অক্টোবর ২০২৬

যে সব দেশে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২০ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে নিজেদের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ অক্টোবর) ইউরো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, অঞ্চলের ১২টি দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো যৌথভাবে এই জরুরি বার্তা দিয়েছে।

এই ভ্রমণ নির্দেশিকাটি মূলত মধ্যপ্রাচ্যের প্রধান ১২টি দেশের জন্য প্রযোজ্য। দেশগুলো হলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন, ইরান এবং ইসরায়েল।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান সামরিক উত্তেজনা, আকাশসীমা আকস্মিক বন্ধ হয়ে যাওয়া এবং বাণিজ্যিক ফ্লাইট বাতিলের প্রবল ঝুঁকি রয়েছে। তাই এই মুহূর্তে মার্কিন নাগরিকদের অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এসব দেশে ভ্রমণ না করার বা নিরুৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

যারা ইতিমধ্যে এই দেশগুলোতে অবস্থান করছেন, তাদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আগে থেকেই বিকল্প পরিকল্পনা বা প্রস্তুতি রাখতে বলা হয়েছে। পাশাপাশি এয়ারলাইন্সগুলোর নিয়মিত আপডেটের দিকেও তাদের কড়া নজর রাখতে বলা হয়েছে।

মার্কিন প্রশাসন আশঙ্কা করছে যে, ইরান কিংবা তাদের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিদেশের মাটিতে মার্কিন নাগরিকদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সংস্থাকে লক্ষ্যবস্তু বানাতে পারে। বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সাম্প্রতিক হামলার উদাহরণ টেনে বলা হয়, এসব ঘটনার কারণে সাধারণ মানুষের জীবন ও যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভ্রমণকারীদের ফ্লাইটের সময়সূচি নিয়ে শতভাগ নিশ্চিত হতে সরাসরি এয়ারলাইন্স বা সংশ্লিষ্ট বিমানবন্দরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। উদাহরণস্বরূপ, লেবাননে থাকা নাগরিকদের বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনে অবস্থানকারীদের 'ইয়েমেনিয়া এয়ারওয়েজ' বা 'ফ্লাই এডেন এয়ারলাইন্স' এর সাথে তথ্য যাচাইয়ের তাগিদ দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন মিশনগুলো সবাইকে ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ (STEP) নামক বিশেষ একটি সরকারি কর্মসূচিতে নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছে। এর মাধ্যমে নাগরিকরা খুব দ্রুত নিরাপত্তার সব শেষ আপডেট পাবেন এবং যেকোনো বড় সংকটে মার্কিন কূটনীতিকরা সহজে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

এছাড়াও সাধারণ নির্দেশনা হিসেবে নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যমের খবরের দিকে নজর রাখতে, স্থানীয় প্রশাসনের আদেশ মেনে চলতে, মোবাইল ফোনের চার্জ পর্যাপ্ত রাখতে এবং জনসম্মুখে চলাফেরার সময় সাধারণ ও আড়ালে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকাগুলোতে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি