প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ১৮৩ আসনে জয়, রিপাবলিকান ১০৯
প্রকাশিত : ১১:৪৫, ৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের অগ্রগতি পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। নির্বাচনের প্রাথমিক ফলাফলে সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছে দলটি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
আল জাজিরার প্রকাশিত নির্বাচনী ফলাফলের সর্বশেষ চিত্র অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ১৮৩টি আসনে জয় পেয়েছে এবং ৮৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে ১০৯টি আসন এবং ৫৩টি আসনে এগিয়ে রয়েছে। আরও সাতটি আসনের ফলাফল তখনও অপেক্ষমাণ ছিল।
প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।
অন্যদিকে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫২টি এবং রিপাবলিকানদের ৪০টি। একটি আসনের ফলাফল তখনও বাকি ছিল। এর মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। আইন প্রণয়ন, সরকারি ব্যয় অনুমোদন এবং প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তদারকিতে এই দুই কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণ ও আইন প্রণয়নের ক্ষেত্রে বিরোধী দলের বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই নির্বাচন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের জন্য এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ইরান যুদ্ধ এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ভোটারদের অসন্তোষ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও পেলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত ও জবাবদিহির চাপ আরও বাড়তে পারে।
এদিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানো রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে প্রতিনিধি পরিষদের সব আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সেখানে নিয়ন্ত্রণ নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
ঐ.মিষ্টি /
আরও পড়ুন










