ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ডোনাল্ড ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ধর্ম, পরকাল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’এ সাংবাদিক রস ডাউথ্যাটের মুখোমুখি হয়ে তিনি নিজের জীবন, নশ্বরতা ও বিভিন্ন অজানা বিষয়ে নানা মন্তব্য করেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় একাধিক প্রাণঘাতী হামলা থেকে বেঁচে ফেরা ৮০ বছর বয়সি এই মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল—মৃত্যুর পর কী হবে বলে তিনি মনে করেন? জবাবে কিছুটা বিরতি দিয়ে ট্রাম্প বলেন, তিনি নিজেকে একজন ধার্মিক মানুষ হিসেবেই দেখেন। তাত্ত্বিকভাবে তার স্বর্গেই যাওয়া উচিত, কারণ তিনি কোনোভাবেই নরকে যেতে চান না। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, মৃত্যুর পরও মানুষ তাকে দীর্ঘদিন স্মরণ রাখবে।

সাক্ষাৎকারের একপর্যায়ে সাংবাদিক প্রশ্ন করেন—যদি পরকালে স্বর্গে প্রবেশের একমাত্র শর্ত হয় জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমা করে দেওয়া, তবে তিনি তা করবেন কি না? জবাবে ট্রাম্প অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এটি তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তিনি বলেন, তিনি কিছু রাজনৈতিক শত্রুকে মনে-প্রাণে ঘৃণা করেন এবং আজীবন করবেন; তাই তাদের ক্ষমা করা তার পক্ষে অসম্ভব।

রাজনীতি ও পরকালের পাশাপাশি ওভাল অফিসে কাটানো সময়ে ইউএফও বা ভিনগ্রহের উড়ন্ত বস্তু নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান ট্রাম্প। তিনি উল্লেখ করেন, মার্কিন বিমানবাহিনীর অত্যন্ত দক্ষ, পেশাদার ও নির্ভরযোগ্য বেশ কয়েকজন পাইলট তার সঙ্গে দেখা করেছিলেন। ব্যক্তিগতভাবে তিনি ইউএফও-তে খুব একটা বিশ্বাসী না হলেও, হলিউড তারকা টম ক্রুজের মতো পরিপাটি ও বিশ্বস্ত ওই পাইলটরা ওভাল অফিসে তার কাছে উড়ন্ত বস্তু দেখার অত্যন্ত অদ্ভুত ও বাস্তব কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন।

(সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস)


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি