ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ইরান আলোচনা ও সংলাপের জন্য সবসময় প্রস্তুত, তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

রোববার (৮ নভেম্বর) ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো আলোচনা অবশ্যই ‌‌ন্যায্যবিচার এবং সমতার ভিত্তিতে হতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাদের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন দীর্ঘস্থায়ী পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। 

ইরানি প্রেসিডেন্ট বলেন, "আমরা আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারি। সংলাপে যদি অধিকার আদায় করা যায়, তবে যুদ্ধে জড়ানো উচিত নয়। কিন্তু আমরা কোনো বলপ্রয়োগ বা হুমকির কাছে আত্মসমর্পণ করব না।"

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া নিজের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতেই কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায়। কোনো দেশের শক্তি প্রদর্শন বা একপাক্ষিক দাবির কাছে তেহরান মাথা নত করবে না বলে তিনি পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে সোমবার (৯ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আঞ্চলিক সংকট সমাধানের জন্য তেহরানের দেওয়া দুই দিনের (৪৮ ঘণ্টা) বিশেষ প্রস্তাবটি এখনও বহাল রয়েছে। 

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে জানা যায়, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সবচেয়ে যুক্তিসঙ্গত পরিকল্পনা বলে অভিহিত করেছেন। 

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের শর্ত ও দাবিগুলো মেনে নেয়, তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণ নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি