ঢাকা, সোমবার   ১৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, থাকতে হবে বাংলা ভাষায় দক্ষতা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ১৬ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে (এনওয়াইপিএল) ঘণ্টাপ্রতি ২২ ডলার বেতনে খণ্ডকালীন (পার্টটাইম) চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ‘আফটার স্কুল’ কর্মসূচির আওতায় ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে ‘আফটার স্কুল টিউটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা থাকলে প্রার্থীরা বাড়তি অগ্রাধিকার পাবেন।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মীদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে। স্কুল শেষে লাইব্রেরিতে আসা শিশুদের বিনা মূল্যে বাড়ির কাজ (হোমওয়ার্ক) সম্পন্ন করতে সাহায্য করা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করাই হবে এই পদের মূল দায়িত্ব।

ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে অবস্থিত ব্লুমিংডেল লাইব্রেরিতে সরাসরি উপস্থিত থেকে এই দায়িত্ব পালন করতে হবে। সপ্তাহে চার দিন (সোমবার থেকে বৃহস্পতিবার) প্রতিদিন চার ঘণ্টা করে মোট ১৬ ঘণ্টা কাজ করতে হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এই চার ঘণ্টার শিফট নির্ধারিত হবে।

ঘণ্টায় ২২ ডলার হিসেবে সপ্তাহে মোট ৩৫২ ডলার এবং চার সপ্তাহে ১ হাজার ৪০৮ ডলার আয় হবে। বছরের ৫২ সপ্তাহের গড় হিসাবে কর কাটার আগে মাসিক আয় দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ৫২৩ ডলার। তবে সরকারি ছুটি ও কর্মসূচির বিরতির কারণে প্রকৃত আয়ে কিছুটা তারতম্য হতে পারে।

আবেদনের জন্য স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, সে ক্ষেত্রে তাদের অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন থাকতে হবে। 

এ ছাড়া প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সামাজিক বিজ্ঞান পড়ানোর অভিজ্ঞতা এবং শিশুদের সাথে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। পাশাপাশি গুগল অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিস ব্যবহারে সাধারণ দক্ষতা থাকতে হবে।

এই নিয়োগের অন্যতম আকর্ষণীয় দিক হলো দ্বিতীয় ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে মূল্যায়ন করা। বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগে পারদর্শী প্রার্থীরা নিয়োগে বাড়তি সুবিধা পাবেন। তবে বাংলা জানা বাধ্যতামূলক নয় এবং কেবল ভাষা জানলেই চাকরি নিশ্চিত হবে না; এর সঙ্গে অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাও থাকতে হবে।

টিউটরদের মূল কাজের মধ্যে রয়েছে শিশুদের ব্যক্তিগত ও দলগতভাবে পড়াশোনায় সহায়তা করা, অভিভাবকদের কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়া এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রশাসনিক হিসাব রাখা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই কর্মসূচি চলবে ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত। নিউইয়র্ক সিটির স্কুল বন্ধ ও গ্রীষ্মকালীন ছুটির সময় নিয়মিত কাজ করতে হবে না, তবে মাঝেমধ্যে স্টাফ মিটিং বা প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে প্রবেশ করে ‘NYPL After School Tutor - Bloomingdale Library’ পদটি খুঁজে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের পূর্বে বিজ্ঞপ্তির বিস্তারিত শর্তাবলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি