ঢাকা, শনিবার   ২৮ নভেম্বর ২০২৬

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে দিল্লি পুলিশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) দিল্লির একটি আদালতে এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশ আদালতে দাবি করেছে যে ১৯৮০ সালে ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম অন্তর্ভুক্ত ছিল।

প্রতিবেদনে পুলিশ আরও জানায়, ১৯৮০ সালে সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিক ছিলেন না; তিনি ১৯৮৩ সালে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। জেলা ম্যাজিস্ট্রেট ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্র যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, ১৯৮৩ সালের এপ্রিলে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার প্রায় তিন বছর আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম ওঠার অভিযোগ এনে আদালতে একটি আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আইপি এস্টেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (এসএইচও) কাছে তদন্তের অগ্রগতি প্রতিবেদন (এটিআর) তলব করেছিলেন।

আবেদনে অভিযোগকারী প্রশ্ন তুলেছেন, ভারতীয় নাগরিক না থাকা অবস্থায় ১৯৮০ সালে কীভাবে ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম উঠেছিল। বিষয়টিকে সম্ভাব্য জালিয়াতি হিসেবে উল্লেখ করে তিনি এ ঘটনায় পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের আবেদন জানান।

এদিকে, মামলাটির তদন্ত শেষ করতে দিল্লি পুলিশকে আরও সময় দিয়েছেন আদালত। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে তুঘলক রোড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও আদালতে তলব করা হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি