ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

চিকিৎসায় নোবেল পেলেন অ্যালিসন ও তাসুকু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:৫৮, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের সবচেয়ে সম্মানসূচক পুরস্কার নোবেলে এ বছরের মনোনীত দু’জনের নাম ঘোষণা শুরু হয়েছে। আজ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে নোবেল কমিটি চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে।

এই ক্যাটাগরিতে এবার নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জেমস. পি. অ্যালিসন ও জাপানের তাসুকু হনজোর। নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য এই দুই চিকিৎসা বিজ্ঞানী যৌথভাবে এ বিশ্ব সম্মানে ভূষিত হলেন।

এবার নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই বিজ্ঞানী ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিতর্কের মধ্যে এ বছর  সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না বলে আগেই জানিয়ে দিয়েছিল রয়্যাল সুইডিশ একাডেমি। ২০১৯ সালে সাহিত্যে দুটি পুরস্কার দেওয়া হবে। একটি ২০১৮ সালের জন্য অপরটি ২০১৯ সালের। সুইডিশ একাডেমির সদস্যদের #MeToo (যৌন কেলেঙ্কারি) স্ক্যান্ডাল ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ডায়নামাইটের আবিষ্কারক ও ব্যবসায়ী স্যার আলফ্রেড বার্নার্ড নোবেল ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এরপর প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

দুই বিশ্বযুদ্ধের সময়ে কয়েক বছর করে বিরতির পরে চিকিৎসাবিজ্ঞানে এবার পর্যন্ত মোট ১০৯ বার দেওয়া হয়েছে নোবেল পুরস্কার। সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন মার্কিন বিজ্ঞানী। তারা হলেন,  জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং। কোষ কীভাবে সময়ের হিসাব করে সেই পদ্ধতি আবিষ্কারের জন্য তাদের পুরস্কার দেওয়া হয়।

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি