ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ পুলিশ প্রতিবেদন পাওয়া পর্যন্ত এ আদেশ দেন।

আদালতে আমির হামজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদক টুকুকে নিয়ে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলা থেকে হাইকোর্টে জামিন আবেদন করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।

গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আমির হামজাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। তবে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ দেন বিচারক।

গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছিলেন। তার অভিযোগ, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করেছেন।

ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে গত ২৬ মার্চ একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন এমপি আমির হামজা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি