অবৈধ সম্পদ অর্জন: বেনজীরের বিরুদ্ধে আরও চার জনের সাক্ষ্যগ্রহণ
প্রকাশিত : ১৩:৫০, ২৩ জুন ২০২৬
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও চার জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব সাক্ষীরা তাদের জবানবন্দি দেন।
সাক্ষীরা হলেন- নরসিংদীর কর কমিশনার কার্যালয়ের প্রধান সহকারী মো. সোহেল মিয়া, সোনারগাঁওয়ের সাব-রেজিস্টার মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আসেফ আয়নান বখস এবং দুদকের উপপরিচালক সিরাজুল হক।
এ নিয়ে মামলাটিতে ২৮ জনের সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করলেন আদালত।
তবে আসামি পলাতক থাকায় এই মামলার সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি। তাদের সাক্ষ্য শেষে আদালত আগামী ১ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এতথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম। তিনি জানান, সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ৮ জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছেন। তিনি পলাতক থাকায় তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে আবেদন করা হয়েছে। শুনেছি তিনি দুবাইয়ে গ্রেফতার হয়েছে। শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
গত ৩ মে বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
এর আগে গত ৮ মার্চ মামলার চার্জশিট আমলে গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দেন হাফিজুল ইসলাম।
এএইচ
আরও পড়ুন










