ঢাকা, বৃহস্পতিবার   ২৫ জুন ২০২৬

৪৩তম বিসিএস: নন-ক্যাডার নিয়োগে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২৫ জুন ২০২৬

Ekushey Television Ltd.

৪৩তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগে নতুন করে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে ফল প্রকাশের জন্য পিএসসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

৪৬৫ জনের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি সুসান্ত শেখর ও বিচারপতি  উর্মি রহমানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। 

রায়ে হাইকোর্ট বলেন, ৪৩তম নন-ক্যাডার নিয়োগের প্রক্রিয়া পুরোটাই অসচ্ছ ছিল। তারা প্রচলিত আইনকে ব্যতয় ঘটিয়ে  নিয়োগ দিয়েছে।

হাইকোর্ট আরও বলেন, পাবলিক সার্ভিস কমিশনকে পুনরায় পরীক্ষা নিয়ে মেধা তালিকা প্রকাশ করতে হবে আগামী ৬০ দিনের মধ্যে। 

রিটকারীদের আইনজীবী বলেন, যারা এরই মধ্যে নিয়োগ পেয়েছেন তাদের বিষয়ে রিটে কিছু উল্লেখ করা হয়নি, হাইকোর্টও কোন আদেশ দেননি।

এর আগে ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের ফলাফল বাতিল, নন-ক্যাডার প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ ও ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া পদে ৪৩তম বিসিএস থেকে সুপারিশ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট আবেদন করা হয়।

রিটে ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বর প্রকাশ হয়। প্রিলিমিনারি পরীক্ষার পর বিসিএসে সর্বমোট ৯৮৪১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পিএসসি গত ১৪ ডিসেম্বর, ২০২৩ নন-ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে। 

পরবর্তী সময়ে গত ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিসে ২১৬৩ জন এবং ৬৪২ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়। অথচ নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশ করা হয়নি। যেটি ‘নন ক্যাডার’ পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০, সংশোধিত ‘বিধিমালা ২০১৪’-এর পরিপন্থী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি