ঢাকা, শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’ সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি এই নির্দেশনা জারি করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত কোর কমিটির সভার আলোচনার পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। 

পরবর্তীতে সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়ে সতর্ক অবস্থান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্দেশনটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের তাগিদ দেওয়া হয়।গুরুত্বপূর্ণ এই নির্দেশনার অনুলিপি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।

এমএইচ 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি