ঢাকা, রবিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর রাড্ডায় ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ওই ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় আমলে নেবে না সরকার। চাঁদাবাজি, জমি দখল বা যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে।

ওসি প্রত্যাহারের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, শুধু বদলি করাই কি সমস্যার সমাধান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, বদলি প্রশাসনিক কারণে হয়, বদলি কোনো বিষয়ে কর্তব্য অবহেলার কারণে হয় অথবা কোনো কিছুর সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে জন্য হয়। কিন্তু বদলিটা লাস্ট নয়, বদলির পরে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপনারাও লক্ষ্য করেছেন একজন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি ঘটনায় যেটা ভাইরাল হয়েছে, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি, তার বিরুদ্ধে তদন্ত হয়েছে, ফরেনসিক হয়েছে, দুই একটি সংস্থা সে তদন্তটা করেছে। মামলা দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সাথে সাথে ক্রিমিনাল অফেন্সের জন্য রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, মামলা দায়ের হয়েছে, গ্রেপ্তারকৃত হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানাধীন এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক সেন্টারটিতে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের প্রাচীর টপকে ভেতরে ঢুকে দায়িত্ব পালনরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে আটকে রাখে। পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে ভেতরে প্রবেশ করে। 

এরপর প্রতিষ্ঠানের পূর্ব পাশের প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, রাড্ডা ক্লিনিকে হামলার দুই দিন পর প্রশাসনিক কারণ দেখিয়ে রাজধানীর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। 

২৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি