ঢাকা, মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ১২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণে দর্শনার্থী পাস ইস্যুর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দুপুরের আগে সচিবালয়ে বহিরাগত বা দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে প্রতিদিন দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিভিন্ন পদের কর্মকর্তারা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যার বেশি পাস ইস্যু করতে পারবেন না। নতুন নির্ধারিত সীমাগুলো হলো, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী: দিনে সর্বোচ্চ ১০টি পাস। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং সিনিয়র সচিব বা সচিব: দিনে সর্বোচ্চ ৫টি পাস। অতিরিক্ত সচিব: দিনে সর্বোচ্চ ৩টি পাস। যুগ্মসচিব: দিনে সর্বোচ্চ ২টি পাস।

সচিবালয়ে কেবল প্রবেশদ্বারেই নয়, বরং ভেতরেও শৃঙ্খলা বজায় রাখতে গাড়ি চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণ করা হবে। একই সাথে দর্শনার্থীরা যাতে অনুমতি ছাড়া এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াত করতে না পারেন, সেজন্য প্রতিটি ভবনে পৃথক 'অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম' বা স্বয়ংক্রিয় প্রবেশাধিকার যাচাই ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সচিবালয়ে আগত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে। তাঁদের জন্য সম্পূর্ণ পৃথক নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থার আওতায় বিদেশি দর্শনার্থীদের বিস্তারিত পরিচয়, আগমনের সুনির্দিষ্ট উদ্দেশ্য, কোন কর্মকর্তা বা দপ্তরে যাচ্ছেন এবং প্রবেশ ও বের হওয়ার নিখুঁত সময় ও তথ্য সংরক্ষণ করা হবে।

সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সরকারের গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক কেন্দ্রের কর্মপরিবেশ নির্বিঘ্ন রাখতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি