বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার
প্রকাশিত : ১৫:১৬, ১৮ অক্টোবর ২০২৬
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে কাতার পুলিশ। ইন্টারপোল মেইলের মাধ্যমে দুদককে এ বিষয়ে নিশ্চিত করে।
শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ২০২৫ সালের ২৭ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা করে দুদক। দুদকের উপপরিচালক মো. তানজির হাসিব সরকার বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দুটি দায়ের করেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। শেখ আব্দুল হান্নান জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।
পাশাপাশি তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।
মামলায় গত বছরের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত।
অপর মামলায় হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ ছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৯২৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানায় দুদক।
দুদকের অনুসন্ধানে কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে হান্নানের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদের তথ্য পাওয়ার কথাও জানানো হয়েছিল। এ ছাড়া কানাডায় তার সন্তানদের নামে বিপুল সম্পদের তথ্য পাওয়ার দাবি করে সংস্থাটি।
উল্লেখ্য, শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।
এএইচ
আরও পড়ুন










