ঢাকা, সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

জনপ্রশাসনে বড় রদবদল: ১০ সচিব ও অতিরিক্ত সচিবের পদ পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ১৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বেসামরিক প্রশাসনে গতিশীলতা ও কাজের সমন্বয় বাড়াতে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। সরকারের সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার মোট ১০ জন শীর্ষ কর্মকর্তার কর্মস্থল ও পদে এই পরিবর্তন আনা হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু’র স্বাক্ষরিত এই বদলি ও পদায়ন সংক্রান্ত আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) বর্তমান রেক্টর (সচিব) ড. মো. কামরুজ্জামান। অন্যদিকে, তাঁর স্থলাভিষিক্ত হয়ে নাডার নতুন রেক্টর (সচিব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. আশরাফুল ইসলামকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে বদলি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিদায়ী সচিব মিজ বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। একই সাথে নৌপরিবহন মন্ত্রণালয়ের বর্তমান সচিব জাকারিয়াকে বদলি করে জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী জারি করা এই আদেশগুলো অবিলম্বে মাঠপর্যায়ে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি