ঢাকা, মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬

হাসিনা কিভাবে আসবেন, এই আলোচনা ভারতের সঙ্গে হবে: জাহেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ২৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের উড়োজাহাজে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা জাহেদ বলেন, হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের। আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ ভারতে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। 

তিনি জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায় সরকার। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায় বলেও জানান তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘তাকে প্রত্যর্পণ করা হবে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা যদি আসতেই চান, তার তো এখন আর আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়। ভারত খুশি মনে তাকে প্রত্যর্পণ করে দেওয়া উচিত। কারণ যিনি আসামি, তিনি নিজেই চাচ্ছেন বাংলাদেশে যেতে।’

উপদেষ্টা জাহেদ আরও বলেন, 'ভারত তাকে জোর করে প্রত্যর্পণ করবে, ব্যাপারটা এরকম না। শেখ হাসিনা বলছে আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক—সুতরাং দুটো মিলে গেল। তাহলে এই দায় তো ওই সরকারের (ভারত) ওপর পড়ছে না। আর তার প্রত্যর্পণে আর কোনো আইনি ব্যারিয়ার আছে বলেও আমি মনে করি না।'

ভারতের প্রসঙ্গে তিনি বলেন, 'আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পাল্টাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের পজিটিভলি এনগেজ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।'

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে একধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি