আজও গাজীপুর উত্তপ্ত, ৭৫ কারখানায় ছুটি ঘোষণা
প্রকাশিত : ১৫:৪১, ২৪ নভেম্বর ২০২৬
বেতন বাড়ানোর দাবিতে আজও গাজীপুর শিল্পাঞ্চল উত্তপ্ত। গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৭ স্থানে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিক অসন্তোষের জেরে ৭৫ কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩২ কারখানা।
মঙ্গলবার সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়৷
টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ৷
সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সাউন্ড গ্রেনেড তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সকালে জরুন এলাকায় গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে। পরে আশপাশের বেশ কয়েকটি কারখানার সাধারণ ছুটি দেওয়া হয়৷ এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা ও মৌচাকে আন্দোলন শুরু করে। মৌচাকে প্রায় আধা ঘন্টা বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে রাখে।
এ সময় বিক্ষুব্ধ যানবাহন ও পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাস ছূড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।
দুপুরে গাজীপুরা এলাকায় পুলিশ ট্রাফিক বক্সে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া বাইপাস এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখ। সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।
সালনা এলাকায় বিক্ষুব্ধরা দুপুরের পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের কারণে আজকের জন্য ৭৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য ৩২টি কারখানা বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।
এএইচ
আরও পড়ুন










