ঢাকা, রবিবার   ২৯ নভেম্বর ২০২৬

মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ২৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সপ্তাহে ৩ দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি ৩ দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। 

রোববার ২৯ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ওই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে— এখন থেকে সপ্তাহে ৩ দিন রাত ১০টা পর্যন্ত এবং ৩ দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। যাতে শীতকালীন ব্যবসাটা আমরা যথাযথভাবে করতে পারি।

এদিকে দোকান মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে। 

পাশাপাশি সোলার প্যানেলগুলো মানসম্পন্ন কি না, তা নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এর পরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি