ঢাকা, রবিবার   ২৯ নভেম্বর ২০২৬

৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১ হাজার ৪১৬ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। 

রোববার (২৯ নভেম্বর) আনুষ্ঠানিক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে জারি করা এ আদেশে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থলে যোগদানের সময়সীমাসহ প্রয়োজনীয় নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, নিয়োগ পাওয়া ১ হাজার ৪১৬ জনকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নির্ধারণ করে দেয়া কার্যালয়ে যোগদান করতে হবে। 

নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপ্রাপ্তদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে চাকরিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী সময়ে অন্য কোনো নির্দেশনা দেয়া না হলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। অর্থাৎ, যোগদানের ক্ষেত্রে ২০ ডিসেম্বরকে নির্ধারিত সময়সীমা হিসেবে বিবেচনা করা হয়েছে।

তবে নির্ধারিত তারিখের মধ্যে কোনো নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা চাকরিতে যোগদান না করলে ধরে নেয়া হবে, তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে যোগদান সম্পন্ন না করলে নিয়োগের সুযোগ হারাতে পারেন সংশ্লিষ্ট প্রার্থী।

এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট নিয়োগ আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ। 

প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অধিকার সরকারের থাকবে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি