ঢাকা, রবিবার   ২৯ নভেম্বর ২০২৬

সিকদার পরিবারের আট উড়োজাহাজ জব্দ নির্দেশ আদালতের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশে সিকদার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান আরঅ্যান্ডআর এভিয়েশন লিমিটেডের (R&R Aviation Ltd.) আটটি উড়োজাহাজ ও হেলিকপ্টার জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে এসব উড়োজাহাজ ও হেলিকপ্টার ক্রোকের আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৯ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এ তথ্য জানান। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। ঋণের অর্থ বিভিন্ন স্তরে স্থানান্তরের মাধ্যমে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের ছয় সদস্যের একটি যৌথ অনুসন্ধান দল কাজ করছে।  

অনুসন্ধানে জানা যায়, সিকদার পরিবারের সদস্য রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানাধীন আরঅ্যান্ডআর এভিয়েশন লিমিটেডের মাধ্যমে উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবসা পরিচালিত হচ্ছে। 

প্রতিষ্ঠানটি বাংলাদেশে এয়ারক্রাফট অপারেটর হিসেবে নিবন্ধিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির চার্টার ফ্লাইট ও উড়োজাহাজ পরিচালনার কার্যক্রম রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, গোপন তথ্য অনুযায়ী, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানটির মালিকানাধীন উড়োজাহাজ ও হেলিকপ্টার গোপনে বিক্রির চেষ্টা করছেন। 

অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব উড়োজাহাজ বিক্রি, স্থানান্তর বা হস্তান্তর করা হলে গুরুত্বপূর্ণ আলামত ও সম্পদ শনাক্ত এবং পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এ কারণে সেগুলো ক্রোকের আবেদন করা হয়।

ক্রোকের তালিকায় রয়েছে দুটি রবিনসন-৬৬, দুটি ইউরোকপ্টার-১৩০ বি-৪, একটি বেল-২৩০, একটি বেল-৪৩০, একটি হকার-৮০০এ এবং একটি পিয়াজিও-১৮০ আভান্তি-২ মডেলের উড়োজাহাজ। সব কটি উড়োজাহাজ ও হেলিকপ্টারের অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে উল্লেখ করা হয়েছে।

দুদক বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারায় এসব সম্পদ ক্রোকের আবেদন করা হয়েছিল।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি