নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
প্রকাশিত : ১১:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
এ ছাড়া কমিটিতে সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন বলেও জানানো হয়েছে।
এদিকে দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে...।’
এএইচ
আরও পড়ুন










