নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১৫:৫৯, ২২ জুন ২০২৬ | আপডেট: ১৬:০৩, ২২ জুন ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সবসময় তৎপর আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিং এ কথা বলেন তিনি।
ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর জেলায় সোমবার থেকে ৩০ জুন, এই নয় দিনের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আজ থেকেই সেনা মোতায়েন হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখছি তারা কিছু মিছিল-মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে দু’য়েকটা জায়গায়।
তিনি বলেন, ‘তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি যা তারা সবসময়ই থাকে। তার বাইরে আমরা আজকে থেকে ৩০ তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে ইন এইড টু সিভিল পাওয়ার, আমরা আইন মোতাবেক ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুইটি জেলা তাতে আমরা ডেপ্লয় করেছি। যাতে যে কোন রকমের অপতৎপরতা এড্রেস করা যায়।
তবে সেনা মোতায়েনে পুলিশ বাহিনীর ওপর আস্থাহীনতার কোনো বিষয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা সবসময় প্রয়োজনীয় ক্ষেত্রে কখনো বিজিবি বা কখনো সেনাবাহিনীকে নিয়ে আসি। প্রায় দেড় বছর মাঠে থাকার পর গত ১৫ জুন সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাঁচই অগাস্টের পরে গত দুই বছর সারাদেশে সেনাবাহিনী মোতায়েন ছিল। পরে গত ১৫ জুন সারাদেশ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। এখন কেবলমাত্র কয়েকটি জায়গায় সেনা মোতায়েন করা হচ্ছে।
তিনি বলেন, আমরা নির্বাচিত সরকার আসার পর যথাশিগগির সম্ভব তাদের মাঠ থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ের পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। যেসব জেলায় অপতৎপরতার চেষ্টা করা হয়েছে, সেসব জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সেনা মোতায়েন চেয়ে একটি চিঠি ইস্যু করা হয়।
এএইচ
আরও পড়ুন










