সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
প্রকাশিত : ২৩:০৩, ২৪ জুন ২০২৬
রাজধানীর ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বুধবার (২৪ জুন) ঢাকা মহানগরী জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হচ্ছেন যথাক্রমে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও প্রদান করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিক ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এমআর//
আরও পড়ুন










