ঢাকা, সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই: আসিফ মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ আমলের ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনার বিচার বা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুদককে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনা ১১ হাজার কোটি টাকা পাচার ও কমিশন গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন যে, দীর্ঘ আওয়ামী শাসনামলের চাঞ্চল্যকর দুর্নীতি ও লুণ্ঠনের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের বা সংশ্লিষ্টদের কোনো সুনির্দিষ্ট মাথাব্যথা বা দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না কেন? 

তিনি অভিযোগ করেন, আওয়ামী আমলের দুর্নীতির সঙ্গে জড়িত মূল অপরাধীদের বিরুদ্ধে নামমাত্র মামলা বা কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন রাজনৈতিক শক্তির বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগ সাজানো হচ্ছে।

দুদকের বর্তমান কার্যক্রমের কঠোর সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, দুর্নীতি দমন কমিশনের কাঙ্ক্ষিত সংস্কার করা হয়নি এবং এর অধ্যাদেশ বাতিল করে দেওয়ায় এটি যে অতীতে ফ্যাসিবাদের আমলের মতো আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে, তা এখন স্পষ্ট হয়ে উঠেছে। 

নিজের বিরুদ্ধে আনীত অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হয়রানিমূলক তৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে তারা আইনগতভাবে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি