ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সময় মবকে প্রশ্রয় দেয়া হয়েছে: ডা. জাহেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৫০, ১৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব বেড়েছে, মবকে প্রশ্রয় দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ  কথা বলেন।

এসময় ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতে কিছু সময়ে এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার কারণে সমাজে একটি ভুল প্রবণতা তৈরি হয়েছে। মানুষ মনে করছে, চাইলেই কাউকে শাস্তি দেওয়া যায়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কেউ গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেও তাকে পিটিয়ে মারা তো দূরের কথা, শারীরিকভাবে আঘাত করাও আইনসম্মত নয়।

তিনি বলেন, মানুষ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটতে দেওয়া হবে না। প্রশাসনিক ব্যর্থতার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। 

সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত বা সংগঠিত সহিংসতাকে কঠোরভাবে দমন করা হবে। প্রকৃত অপরাধী ধরা পড়লেও তাকে আইনের আওতায় আনা হবে। গণপিটুনির মাধ্যমে নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা পরিহার করতে হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, হামের ভ্যাকসিন ব্যর্থতা খতিয়ে দেখবে সরকার। এর দায়ে জড়িতদের শাস্তির আওতায়ও আনা হবে বলে জানান উপদেষ্টা। 

পাশাপাশি জ্বালানি মূল্য সমন্বয় প্রয়োজন হতে পারে, যদি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হয়- এমন আশংকাও প্রকাশ করেন ডা. জাহেদ উর রহমান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি