ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬

আ.লীগের সঙ্গে যোগাযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:২১, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার পর শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবারই পেয়েছি। মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে।’

এর আগে, গত মঙ্গলবার ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এসপি জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এসপি জাহাঙ্গীর তার মুঠোফোন থেকে একটি বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’ ‘এ রকম আরও কিছু কথাবার্তা রয়েছে,’ বলেন ওই কর্মকর্তা।

তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল তা জানা যায়নি।

জাহাঙ্গীর আলম পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

সূত্র: ডেইলি স্টার

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি