ঢাকা, বুধবার   ১৩ মে ২০২৬

ইউনিফর্ম পরে কলেজে টিকটক ভিডিও ধারণ ও সাইবার বুলিং নিষিদ্ধ

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ১৩ মে ২০২৬ | আপডেট: ১৬:০৪, ১৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার ধামরাই সরকারি কলেজ ক্যাম্পাসে ইউনিফর্ম পরে টিকটক-রিলসসহ বিতর্কিত ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ প্রশাসন। এছাড়া যে কোনো ধরনের সাইবার বুলিং থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

নির্দেশ অমান্য করলে শাস্তি হিসেবে আজীবন বহিষ্কারসহ আইননুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

বুধবার এ বিজ্ঞপ্তির তথ্য নিশ্চিত করেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী। এর আগে গতকাল মঙ্গলবার অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি হিসেবে উল্লেখ করে এতে লেখা হয়, ধামরাই সরকারি কলেজের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের কিছু অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড কলেজ প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি কলেজের সুদীর্ঘ ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এমতাবস্থায়, কলেজের শৃঙ্খলা, মর্যাদা রক্ষার্থে শিক্ষার্থীদের নিম্নোক্ত বিষয়সমূহ কঠোরভাবে মেনে চলতে নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনা দেওয়া হয়। এরমধ্যে রয়েছে, ১. কলেজের ইউনিফর্ম পরিহিত অবস্থায় অথবা কলেজ ক্যাম্পাসে কোনো প্রকার অশালীন বা বিতর্কিত ছবি ও ভিডিও (টিকটক, রিলস ইত্যাদি) ধারণ এবং প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২. সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক, সহপাঠী বা অন্য কোনো ব্যক্তির প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার বুলিং বা সম্মানহানিকর কোনো পোস্ট করা যাবে না।

৩. কলেজের নাম ব্যবহার করে কোনো প্রকার মিথ্যা তথ্য, গুজব বা উসকানিমূলক পোস্ট শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

এসব নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়। কলেজ প্রশাসন এ বিষয়ে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা সাইবার অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে কলেজ থেকে 'স্থায়ী বহিষ্কার' করা হবে এবং প্রয়োজনে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী বলেন, আমাদের প্রতিষ্ঠানে মুঠোফোন আনা নিষেধ। শিক্ষার্থীরা যথেষ্ট বয়সী। ফলে পুরোপুরি দেখাও অনেক সময় সম্ভব হয় না।  সাম্প্রতিককালে দেখা যাচ্ছে, অনেকেই ফোন এনে টিকটক, রিলস বানাচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে। এগুলো নিয়ে সমালোচনা হচ্ছিল। ক্যাম্পাস তো লেখাপড়ার জায়গা, আমরা লেখাপড়া চাই। পারিবারিকভাবেও দেখা প্রয়োজন, যাতে সন্তানরা কোনো সাইবার অপরাধে না জড়ায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি