একাদশে ভর্তিতে সর্বোচ্চ ফি ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা নির্ধারণ
প্রকাশিত : ১৪:০৩, ২৫ আগস্ট ২০২৬
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত হার অনুযায়ী, সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
ঢাকা মেট্রোপলিটন এলাকার নন-এমপিও বা আংশিক এমপিও কলেজে সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠান এমপিওভুক্ত কি না, অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশ করা নীতিমালা অনুযায়ী, এ বছর শিক্ষা বোর্ড আবেদন ফি ৫ টাকা বাড়িয়ে ৩৪০ টাকা নেবে, যা আগের বছর ছিল ৩৩৫ টাকা।
এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং উপজেলা ও মফস্বলে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নন-এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা।
নন-এমপিও কলেজে ভর্তিতে জেলায় বাংলা ভার্সনে তিন হাজার টাকা, ইংরেজি ভার্সনে চার হাজার টাকা। উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা ভর্তি ফি নেওয়া হবে।
ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা নেবে শিক্ষা বোর্ড। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং বিএনসিসি ফি ১০ টাকা। এ ছাড়া শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতা বাবদ নেওয়া হবে ১০০ টাকা। গত বছর বিএনসিসি ফি ছিল ৫ টাকা।
এছাড়া একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৪০০ টাকা বোর্ডে পাঠাতে হবে।
এএইচ
আরও পড়ুন










