একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
প্রকাশিত : ২১:০১, ১৬ সেপ্টেম্বর ২০২৬
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬সেপ্টেম্বর) রাত আটটার দিকে ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারছেন। একই সঙ্গে আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে। পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থীকে এসএমএস পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ফল জানতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে থাকা ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই ফল দেখা যাবে। ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেটিও জানা যাবে।
গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত আটটা। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
এমএইচ
আরও পড়ুন










