কলেজছাত্রের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৫:৪৮, ২৫ এপ্রিল ২০২৬
কলেজছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে তাকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্ট (রেসিং কার) তৈরি করেছেন কলেজছাত্র রিজওয়ান রশীদ। মাত্র দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই কারটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ ডিজাইনে তৈরি।ৎ
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেছেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করেই নিউ ইস্কাটনে অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন। এ সময় তিনি শিশু-শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান। তাদের সঙ্গে কথা বলেন। ছোট্ট শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়। কেউ কেউ ছুটে আসে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে। কেউ আবার অটোগ্রাফ নিতে।
প্রধানমন্ত্রী ক্লাসরুমে ঢুকেই শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পড়াশুনার পাশাপাশি তিনি খেলাধুলা করারও পরামর্শ দেন। শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ মেলবন্ধন দেখে শিক্ষকরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।
প্রধানমন্ত্রী এর আগে সকালে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এএইচ
আরও পড়ুন










