ঢাকা, মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সতর্ক অবস্থানে পুলিশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৯, ৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পল্লী বিদ্যুৎ এলাকায় আজ সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। 

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন।

মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। 

এ ঘটনা ছাড়া গাজীপুরের কোথাও মহাসড়ক অবরোধের কোনো ঘটনা ঘটেনি।

শ্রমিক আন্দোলনে গত কয়েকদিন উত্তাল ছিল গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকা। 

শিল্প পুলিশ জানায়, চলমান শ্রমিক সহিংসতার ঘটনায় ৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। গেল ২৪ ঘন্টায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় সনাক্ত ও নাশকতায় জড়িত কিনা -তা যাচাই বাছাই করা হচ্ছে।

আজও বিশৃঙ্খল পরিবেশ এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ ও আশেপাশের এলাকায় কিছু কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তারপরও পল্লীবিদ্যুতের ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানায় সামনে উত্তেজনা ও জটলা সৃষ্টি করে।

শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে বিপুলসংখ্যক পুলিশ, বিজিব সদস্যরা বুঝিয়ে শুনিয়ে উত্তেজনা প্রশমন করে।

মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়কে উপস্থিত রয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ও পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান।

মহাসড়কে পুলিশের পাশাপাশি ২০ জন ম্যাজিস্ট্রেট, ১১ প্লাটুন বিজিবি কাজ করছে। বিক্ষুব্ধ শ্রমিকদের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে রয়েছে বিএনপি ও পরিবহন সমিতির নেতাকর্মীরাও। 

এদিকে, পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি