ঢাকা, শনিবার   ২১ নভেম্বর ২০২৬

গোদাগাড়ীতে দুটি বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৯, ২১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় শাহিন আলীর পরনের প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) এবং একই উপজেলার জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তাঁরা খুলনায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের বিশেষ অভিযান অব্যাহত আছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি