ঢাকা, শুক্রবার   ১৪ আগস্ট ২০২৬

গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ১৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করে টার্মিনালটি। 

এলএনজি নিয়ে নতুন একটি জাহাজ এসেছে বঙ্গোপসাগরে। এ জাহাজ থেকে রাতের মধ‍্যে সামিটের টার্মিনালে এলএনজি স্থানান্তর হবে। সে কারণে সামিটের টার্মিনাল থেকে স্বল্প মাত্রায় গ‍্যাস সরবরাহ শুরু হয়েছে ইতিমধ‍্যে। 

আগামীকাল শনিবার সকালের মধ‍্যে পাইপলাইনে গ‍্যাস সরবরাহ বাড়তে শুরু করবে বলে জানিয়েছে কোম্পানিটি।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সামিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে প্রায় পূর্ণ সক্ষমতায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে পৌঁছানোর আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই গ্যাস সরবরাহ শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য গ্রাহকের গ্যাসের প্রাপ্যতা বাড়াতে সহায়তা করবে। একইসঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা এবং দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কমাতে ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠানটি মনে করে, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাংলাদেশের শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি