ঢাকা, শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৯, ৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা পুরোপুরি অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে। এর ফলে বন্দরের কোনো কর্মকর্তা বা কর্মচারী চাকরিচ্যুত হবেন না। বরং এই চুক্তির কারণে বন্দরের পরিচালন সক্ষমতা বাড়ার পাশাপাশি কর্মরত কর্মীদের পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে।

পোশাক রপ্তানি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্য সুবিধা থাকায় কোনো কোনো সময়ে দেশটি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। তবে বাংলাদেশ আবারও নিজের শক্ত অবস্থান ফিরে পেয়েছে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ খুব দ্রুতই তার দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাংলাদেশের মতো চমৎকার ধর্মীয় সম্প্রীতি পুরো বিশ্বে অদ্বিতীয় এবং এই সম্প্রীতি আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি