ঢাকা, বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬

জাপানের মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ পেলেন সালাহউদ্দিন কাসেম খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৮, ২৬ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট বাংলাদেশি শিল্পপতি ও উন্নয়ন চিন্তাবিদ সালাহউদ্দিন কাসেম খানকে জাপানের মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রে’স উইথ রোজেট’ প্রদান করা হয়েছে। তিনি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত তুর্কি অনারারি কনসুলেট জেনারেল-এর দায়িত্বেও রয়েছেন।

জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর সাবেক সভাপতি সালাহউদ্দিন কাসেম খানকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি একটি বিশেষ অভিনন্দনপত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননার বিষয়টি জানান। এ সময় রাষ্ট্রদূত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির পক্ষ থেকে পাঠানো একটি অভিনন্দন বার্তাও তাঁর কাছে হস্তান্তর করেন।

নিজের বার্তায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিময় সম্প্রসারণ ও সহযোগিতা গভীরতর করার ক্ষেত্রে সালাহউদ্দিন কাসেম খানের অবদানের স্বীকৃতি দেন। পাশাপাশি তিনি সালাহউদ্দিন কাসেম খানের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন। রাষ্ট্রদূত সাইদা শিনিচিও তাঁর অসাধারণ অবদানের প্রশংসা করেন এবং সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধ জীবন কামনা করেন।

উল্লেখ্য, ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রে’স উইথ রোজেট’ জাপানের অন্যতম প্রাচীন ও বিশিষ্ট জাতীয় সম্মাননা। আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং জনসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের এই সম্মাননায় ভূষিত করা হয়।

সালাহউদ্দিন কাসেম খানকে দেওয়া এই সম্মাননাটি বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি বহন করে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি