জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ
প্রকাশিত : ২১:১৬, ৬ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন গণিত বিভাগের বতর্মান চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক সামছুল আলম সেলিম।
আজ শনিবার (৬ জুন) বিকালে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে কার্যালয়ের সহকারী সচিব মোঃ সুলতান আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের এ তথ্য জানা যায়।
এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ধারা ১৩(১) অনুযায়ী তাদের এ নিয়োগ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে যে, নিয়োগে যোগদানের পর হতে আগামী চার বছরের জন্য বা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত এ পদে বহাল থাকবেন। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তারা বিশ্ববিদ্যালয়েকে আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে অধ্যাপক নজরুল ফজিলাতুন্নেছা হলের প্রভোস্টের দায়িত্বে এবং অধ্যাপক সেলিম সমাজ বিজ্ঞান অনুষদের ডীন এর দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, উভয় শিক্ষকই জাতীয়বাদী ঘরোনার।
এএইচ
আরও পড়ুন










